দিনাজপুরে ৫৯ আওয়ামী লীগ নেতাকর্মীসহ ৮৬ জন গ্রেপ্তার
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :পুলিশের অভিযানে ৫৯ জন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীসহ মোট ৮৬ জনকে গ্রেপ্তার করেছে দিনাজপুর জেলা পুলিশ। গত সোমবার (১০ নভেম্বর) রাত ১২টা থেকে মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত জেলার ১৩টি থানায় এই অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগামী ১৩ নভেম্বর লকডাউন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে নাশকতামূলক কর্মকাণ্ডসহ দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি এবং ক্ষতিসাধন করার চেষ্টার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃত ৮৬ জনের মধ্যে ৫৯ জন হলেন নাশকতা সৃষ্টির অভিযোগে দায়েরকৃত একাধিক মামলায় পলাতক নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মী। বাকি ২৭ জনকে অন্যান্য ফৌজদারি অপরাধে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































